খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার (২২ জুন) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছোটমেরুং বাজার এলাকার ৩ নম্বর কলোনির মৃত চান মিয়ার ছেলে মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবলীগের সহ-সভাপতি হাজাছড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (৩০)।
দীঘিনালা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই নেতাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরদিন সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৩ ফেব্রুয়ারি দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মো. আব্দুল হান্নান ও নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট