নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ (তাৎক্ষণিক অবমুক্ত) করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় সোমবার (২৭ জুলাই) থেকে তাঁদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
এর আগে গত ২৩ জুলাই এক প্রজ্ঞাপনে শাহীন-উল ইসলামকে ময়মনসিংহ ও ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয়। ২৬ জুলাইয়ের মধ্যে যোগ না দিলে ২৭ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজের শর্ত ছিল তাতে।
এদিকে বদলির এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন প্রকৌশলী শাহীন। গত রোববার (২৬ জুলাই) রিটের শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসাইনের বেঞ্চ রুল জারি ও স্থগিতাদেশ দেন।
উল্লেখ্য, প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ফাইল বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত ৯ জুলাই এই দম্পতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয় মন্ত্রণালয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট