প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
হাটহাজারীতে কৃষিজমির মাটি কাটায় সহায়তা: মোবাইল কোর্টে ১৫ দিনের জেল ও ১ লাখ টাকা জরিমানা

মোঃ একরামুল হক, হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলার ধলইপুল এলাকায় কৃষিজমির উর্বর উপরের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে মূল অভিযুক্তরা আগেই পালিয়ে যায়।
অভিযান চলাকালে মোটরসাইকেলে এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করে অভিযুক্তদের তথ্য দিচ্ছিলেন। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কৃষিজমির মাটি কাটায় সহায়তার বিষয়টি স্বীকার করেন। আটক ব্যক্তি মো. জুয়েল মিয়া (পিতা: মো. মাহবুব আলী), সাং- শফিনগর, ধলই।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।###
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট