ঢাকা | বঙ্গাব্দ

অতিবৃষ্টিতে কর্ণফুলীতে দেয়াল ধস: প্রাণ গেল বৃদ্ধার, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
অতিবৃষ্টিতে কর্ণফুলীতে দেয়াল ধস: প্রাণ গেল বৃদ্ধার, আহত ৩ ছবির ক্যাপশন: অতিবৃষ্টিতে কর্ণফুলীতে দেয়াল ধস
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে অতিবৃষ্টির মধ্যে একটি ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক ভ্যানচালক।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম (৬০) স্থানীয় বাসিন্দা ছিলেন।

আহতরা হলেন— শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া এলাকার বদলা বাপের বাড়ির ছালেহ আহমদের ছেলে, সবজি বিক্রেতা মো. রুবেল (৩০); শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের কোদাইল্লা পাড়ার শামসু মেম্বারের বাড়ির মো. নজরুলের ছেলে মিজবাহ (১২); এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই দেয়ালটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তবে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ না থাকায় সেটি ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যায়। ঘটনার সময় দেলোয়ারা বেগম ভ্যান থেকে তরকারি কিনছিলেন। হঠাৎ পাশের দেয়ালটি ধসে পড়ে তার ওপর। এতে ভ্যানচালক ও পাশে থাকা দুই শিশুও আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দেলোয়ারা বেগম মারা যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “দেয়াল ধসে একজন নারীর মৃত্যু এবং শিশুসহ তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স