নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিয়মমাফিক বদলির সময়সীমা পার হলেও নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই শীর্ষ প্রকৌশলীকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করেছে স্থানীয় সরকার বিভাগ। দুর্নীতি ও অনিয়মের তদন্তাধীন অবস্থায় থাকা এই দুই কর্মকর্তা হলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা মুক্তা।
আজ সোমবার (২৭ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার যুগ্নসচিব মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নতুন দায়িত্বে যোগদান না করায় নিয়মানুযায়ী ২৭ জুলাই থেকেই তাঁদের স্ট্যান্ড রিলিজ কার্যকর হয়েছে।
বদলির নির্দেশ ও পেছনের ঘটনাবলী
এর আগে ২৩ জুলাই প্রকাশিত স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয়েছিল। আদেশে তাঁদের ২৬ জুলাইয়ের মধ্যে পুরোনো দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে উপস্থিত হতে বলা হয়, অন্যথায় ২৭ জুলাই থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজের নিয়ম কার্যকর হওয়ার শর্ত ছিল।
তবে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ নিশ্চিত করেছেন যে, নির্দিষ্ট সময় পার হলেও শাহীন-উল ইসলাম চৌধুরীতে সেখানে যোগ দেননি।
মেয়রের আবেদন ও তদন্ত প্রক্রিয়া
গত ২৫ জুন চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা মেহেদী চৌধুরী এই প্রকৌশলী দম্পতির বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ফাইল সংক্রান্ত বাণিজ্য, প্রভাব বিস্তার, প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের লিখিত অভিযোগ জানান। এর প্রেক্ষিতে গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগ ১৫ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই ২৩ জুলাই তাঁদের বদলির সিদ্ধান্ত আসে।
অন্যদিকে, ২৩ জুলাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে এই প্রকৌশলী দম্পতির বদলি স্থগিত করার আবেদন জানিয়েছিলেন। প্রকৌশলী সংকট, চসিকের চলমান উন্নয়ন কাজ ব্যাহত হওয়া এবং তাঁদের সন্তানদের পড়াশোনাসহ পারিবারিক নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি এই আদেশ পুনর্বিবেচনার অনুরোধ করেন।
তবে মেয়রের সেই আবেদনের পরও প্রশাসনিক বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে যোগ না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে স্ট্যান্ড রিলিজের সিদ্ধান্ত চূড়ান্ত হলো।
দৈনিক চট্টগ্রামপোস্ট