ঢাকা | বঙ্গাব্দ

৩০ মিলিমিটার বৃষ্টিতেই চট্টগ্রামের কাতালগঞ্জে জলাবদ্ধতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
৩০ মিলিমিটার বৃষ্টিতেই চট্টগ্রামের কাতালগঞ্জে জলাবদ্ধতা ছবির ক্যাপশন: ৩০ মিলিমিটার বৃষ্টিতেই চট্টগ্রামের কাতালগঞ্জে জলাবদ্ধতা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ ও আশপাশের এলাকায় শুক্রবার (১২ জুন) বৃষ্টির পর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাত্র ৩০ মিলিমিটার বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন নগরবাসী।
এদিন বিকেলে কাতালগঞ্জ মোড় থেকে পাঁচলাইশ রোড এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ পানির নিচে ডুবে আছে। কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় সাধারণ মানুষ, যানবাহন চালক ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।

জলাবদ্ধতার কারণে হাসপাতালগামী রোগী, স্বজন ও জরুরি কাজে বের হওয়া মানুষও সমস্যায় পড়েন। অনেক যানবাহন পানিতে আটকে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

কোমরসমান পানি মাড়িয়ে চলাচল করছিলেন দুর্জয় দাস নামে এক পথচারী। তিনি বলেন, বর্ষা এখনো পুরোপুরি শুরু হয়নি। সামান্য বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হবে।
আরেক পথচারী আরফাতুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও সামান্য বৃষ্টিতেই নগরবাসীকে নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, কাতালগঞ্জ এলাকার নিচু অংশগুলোতে বৃষ্টি হলেই পানি জমে যায়। শুক্রবারের বৃষ্টিতে এলাকার অলিগলি ও প্রধান সড়কগুলোতেও পানি জমে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আবহাওয়া অধিদপ্তরের দুটি কার্যালয়ের পর্যবেক্ষণে যথাক্রমে ৩০ মিলিমিটার ও তিন দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ভুঁইয়া ঢাকা পোস্টকে বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে এবং রাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাগর কিছুটা উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে বৃষ্টির মধ্যেই নগরের বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জলমগ্ন সড়ক, বিভিন্ন খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে দেখেন। এ সময় পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিতে এবং নালা-নর্দমা পরিষ্কার রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মেয়র।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল