ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ফ্রি হেলথ ক্যাম্প ও পোষা প্রাণীর র‍্যাবিস ভ্যাক্সিনেশন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2025 ইং
চট্টগ্রামে ফ্রি হেলথ ক্যাম্প ও পোষা প্রাণীর র‍্যাবিস ভ্যাক্সিনেশন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: র‍্যাবিস ভ্যাক্সিনেশন অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)


বিশ্ব এক স্বাস্থ্য দিবস–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ ইনস্টিটিউট ও ওয়ান হেলথ ইয়ং ভয়েস বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ নগরীর রেলওয়ে জেনারেল হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে ফ্রি কমিউনিটি হেলথ চেক-আপ এবং পোষা প্রাণির ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্প। অনুষ্ঠানে সহযোগিতা করে নগরফুল, বাধন সিভাসু ইউনিট ও ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সদস্যরা।
দিনব্যাপী ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যক্তিভিত্তিক ডায়েট চার্ট প্রদান করা হয়। আয়োজকদের তথ্যমতে, এ কার্যক্রমে ১৫০ জনের বেশি মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
পাশাপাশি প্রাণিপ্রেমী মানুষের জন্য আয়োজন করা হয় পোষা প্রাণির ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন। এতে ২০০–এর বেশি বিড়াল ও কুকুরকে র‍্যাবিস প্রতিরোধী টিকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিভাসুর ভারপ্রাপ্ত উপাচার্য এবং পরিচালক, বহিরাঙ্গন কার্যক্রম প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন এবং ওয়ান হেলথ ইনস্টিটিউ সিভাসুর পরিচালক প্রফেসর ড. আহসানুল হক রোকন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর, বাঁশখালী উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মো. জুলকারনাইন শাওন, ওয়ান হেলথ ইয়ং ভয়েস বাংলাদেশের কো-অর্ডিনেটর, বাধন সিভাসু ইউনিটের প্রেসিডেন্ট, নগরফুল ও ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সদস্যবৃন্দ।
প্রফেসর রোকন বলেন, “মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনের স্বাস্থ্য একসূত্রে গাঁথা। র‍্যাবিস প্রতিরোধে পোষা প্রাণীর নিয়মিত টিকাদান যেমন জরুরি, তেমনি মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও প্রয়োজন।”
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা এবং জনসাধারণের অংশগ্রহণে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকেরা ভবিষ্যতেও চট্টগ্রামে এক স্বাস্থ্য–ভিত্তিক জনস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্য সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত