নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ১৯৬৭ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠার পর মহান স্বাধীনতার পর থেকে সংগঠনটি ৫টি অঞ্চল থেকে বিস্তৃতি পেয়ে বর্তমানে দেশে ২৮টি এবং ইতালিতে ১টি শাখাসহ মোট ২৯টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্রফেসর সরোজ বড়ুয়া, চিন্ময় বড়ুয়া রিন্টুসহ বিভিন্ন সময়ের নেতাদের দূরদৃষ্টি ও নেতৃত্বে সংগঠনটি দেশের বৃহত্তম বৌদ্ধ যুব সংগঠনে পরিণত হয়েছে।
সংগঠনটির নিরবচ্ছিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে আরও দুটি আন্তর্জাতিক শাখা ২০২৬ সালে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
WFBY ও WAB–এর আন্তর্জাতিক কাঠামোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব সুদৃঢ় করতে সংগঠনের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি নির্বাচিত হন। সম্প্রতি জাপান, থাইল্যান্ড ও ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বিভিন্ন অঞ্চল ও শাখায় সমাজকল্যাণমূলক কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, ত্রাণ সহায়তা ও ধর্মীয়-সাংস্কৃতিক উন্নয়নে সংগঠনটির কার্যক্রম দীর্ঘদিন ধরে প্রশংসিত।
সম্প্রতি চট্টগ্রামে স্থায়ী অফিস ক্রয় ও ‘বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট’ গঠন সংগঠনের ইতিহাসে যুগান্তকারী উদ্যোগ হিসেবে চিহ্নিত। বৌদ্ধ যুবকদের সামাজিক, শিক্ষাগত ও আধ্যাত্মিক উন্নয়নে ৫৯ বছর ধরে সংগঠনটি অরাজনৈতিক ও প্রগতিশীল ভূমিকা পালন করে আসছে।
জগতের সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও কর্মকর্তাদের প্রতি শুভেচ্ছা জানানো হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট