ঢাকা | বঙ্গাব্দ

নান্দনিক চট্টগ্রাম’ গড়ার বার্তা: সিডিএ চেয়ারম্যানের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
নান্দনিক চট্টগ্রাম’ গড়ার বার্তা: সিডিএ চেয়ারম্যানের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প পরিদর্শন ছবির ক্যাপশন: সিডিএ চেয়ারম্যানের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প পরিদর্শন
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম
​আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সিডিএর তিনটি অগ্রাধিকারপ্রাপ্ত উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন। প্রকল্পগুলো হলো—জলাবদ্ধতা নিরসন প্রকল্প, কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক এবং শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে)। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
​দিনের শুরুতে সিডিএ চেয়ারম্যান বহুল আলোচিত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন হিজড়া খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় প্রবর্তক সেতু, কাতালগঞ্জ ও কাপাসগোলা এলাকার অসম্পন্ন অংশ এবং বিভিন্ন ‘বটলনেক’ (সংকুচিত স্থান) সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে চাক্তাই এলাকায় বন্যা নিয়ন্ত্রণে নির্মিত স্লুইসগেটগুলোও পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মহসিন প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় চেয়ারম্যানকে অবহিত করেন। সিডিএ চেয়ারম্যান বলেন, “চট্টগ্রামকে আরও নান্দনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
​এরপর চেয়ারম্যান কর্ণফুলী নদীর তীর বরাবর নির্মাণাধীন কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্প পরিদর্শন করেন। তিনি নদীপাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন সম্ভাবনা বিকাশের নির্দেশ দেন। পাশাপাশি ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে থাকা দুটি স্থানও তিনি ঘুরে দেখেন।
​সবশেষে চেয়ারম্যান এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন র‍্যাম্প ও গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেন। আগ্রাবাদ ডেবারপাড় র‍্যাম্প সংলগ্ন এলাকায় বাংলাদেশ বেতার, সাধারণ বীমা করপোরেশন ও যমুনা অয়েল কোম্পানির স্থাপনা অধিগ্রহণ এবং সমন্বয় কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
​এ সময় উড়ালসড়কের টোল প্লাজায় সরকারি দপ্তরের যানবাহন নিয়মিত টোল না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবগত করলে সিডিএ চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আমি নিজেও টোল দিয়ে এসেছি। সবাইকে নিয়ম মেনে টোল প্রদান করে উড়ালসড়ক ব্যবহারের অনুরোধ জানাচ্ছি।”
​পরিদর্শনকালে সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবুল করিম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পিডি আহমদ মঈনউদ্দিন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পিডি মো. মাহফুজুর রহমান এবং কালুরঘাট-চাক্তাই প্রকল্পের পিডি রাজীব দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল