নিজস্ব প্রতিবেদক | মানিকগঞ্জ
জ্বালানি তেলের পরিমাপে কম দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ জুলাই) জেলা প্রশাসন, মানিকগঞ্জ এবং বিএসটিআইয়ের ডিভিশন অব মেট্রোলজি ইন্সপেকশন (ডিএমআই), ঢাকার যৌথ উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলার কালিয়ানি এলাকার তাসনুভা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কানিজ ফাতেমা।
অভিযানকালে ফিলিং স্টেশনের জ্বালানি তেল সরবরাহকারী ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ যাচাই করে একটি ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে ফিলিং স্টেশনের সব ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ দ্রুত সঠিক করার নির্দেশনা দেওয়া হয়।
বিএসটিআই সূত্র জানায়, ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, ঢাকার ডিএমআই-এর পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।
দৈনিক চট্টগ্রামপোস্ট