নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত দুই হেভিওয়েট প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয় থেকে তাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব, কলামিস্ট ও লেখক এম এ মাসুদ। মনোনয়নপত্র সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এর আগে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর প্রার্থিতা রাউজান আসনে বিএনপির নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন দলীয় নেতারা।
অন্যদিকে, রাঙ্গুনিয়া আসনে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি বিএনপির প্রয়াত প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তা থাকায় হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।
উল্লেখ্য, প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক উত্তরাধিকার বহন করে হুম্মাম কাদের চৌধুরীর নির্বাচনী যাত্রাকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন করে সংগঠিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট