এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ভেন্টিলেটর ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে একটি মনিটর, একটি ডেক্সটপ কম্পিউটারের হার্ডডিস্ক এবং সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) চুরি করে নিয়ে গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা এ চুরির বিষয়টি জানতে পারেন।
আমুচিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব জানান, মঙ্গলবার বিকেলে নিয়ম অনুযায়ী অফিস বন্ধ করে কক্ষ তালাবদ্ধ করা হয়েছিল। বুধবার সকালে অফিস খুলে ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পান এবং কাগজপত্র এলোমেলো হয়ে থাকতে দেখা যায়। পরে যাচাই করে দেখা যায়, একটি মনিটর, একটি ডেক্সটপের হার্ডডিস্ক এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর চুরি হয়েছে। তবে অফিসের গুরুত্বপূর্ণ কোনো নথি খোয়া যায়নি।
এ বিষয়ে বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট