নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকার উন্নয়ন, পরিবেশগত সুরক্ষা, বন্যা ব্যবস্থাপনা এবং টেকসই ইকো-ট্যুরিজম বিকাশের লক্ষ্যে প্রাক-সম্ভাব্যতা যাচাই করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা মিলনায়তনে 'Urban Demonstrators (UD)' প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (RVO)-এর অর্থায়নে আন্তর্জাতিক প্রতিষ্ঠান IHE Delft Institute for Water Education (নেদারল্যান্ডস) এবং Altec Consultant Limited (ACL)-এর যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
সভায় জানানো হয়, বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কধুরখীল ইউনিয়নে কর্ণফুলী নদীর তীরবর্তী বাঁধ এলাকা স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র।
তবে জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এ এলাকার বাসিন্দারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে পরিবেশবান্ধব ও টেকসই ইকো-ট্যুরিজম গড়ে তোলার সম্ভাবনা যাচাই এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে একটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নই এ সভার মূল উদ্দেশ্য।
বোয়ালখালী পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন Urban Demonstrators (UD) প্রকল্পের নেদারল্যান্ডস অংশের লিডার ড. উইলিয়াম ভাবিক, বাংলাদেশ অংশের প্রজেক্ট লিডার এম. এ. সামি ডব্লিউ. চৌধুরী, Altec Consultant Limited (ACL)-এর উপদেষ্টা ও প্রকল্প সমন্বয়ক মির্জা মো. মহিউদ্দিন, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, বর্তমান সভাপতি এস এম মোদাচ্ছের, পৌরসভার সচিব মো. নজরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় প্রকল্পের একটি প্রাথমিক খসড়া প্রস্তাবনা উপস্থাপন করা হয়। পরে মুক্ত আলোচনায় অংশ নিয়ে এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং পানি ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা কর্ণফুলী নদীতীরকে একটি টেকসই, দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও বন্যা-সহনশীল জনপরিসর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবমুখী পরামর্শ দেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট