নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
প্রায় ৩৩ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন বাস টার্মিনাল তৈরি হচ্ছে। নগরীর জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও এলাকায় টার্মিনালটি বানাতে খরচ হচ্ছে প্রায় ১৪০ কোটি টাকা। এরই মধ্যে টার্মিনালের ভৌতকাজের বেশিরভাগ শেষের দিকে। এটি হলে নগরীতে বাস টার্মিনালের সংখ্যা দাঁড়াবে তিনটিতে।
সংশ্লিষ্টরা বলছেন, ২০২৬ সালের মার্চ মাসে টার্মিনালটি উদ্বোধনের আশা করা হচ্ছে। টার্মিনালটির ব্যবহার শুরু হলে সুবিধা পাবে দেশের দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির লাখো বাসিন্দা। এতে চট্টগ্রাম নগরীতে প্রবেশমুখ অক্সিজেন এলাকার নিত্যদিনের যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পাবে নগরবাসী।।
বর্তমানে চট্টগ্রাম মহানগরীর মধ্যে দুটি বাস টার্মিনাল রয়েছে। একটি কদমতলীতে। এ বাস টার্মিনাল থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার বাসগুলো ছেড়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-কাপ্তাই রোডের জন্য চান্দগাঁওয়ে বহদ্দারহাট বাস টার্মিনাল রয়েছে। কদমতলী বাস টার্মিনালের ব্যবহার এখনো স্বাভাবিক থাকলেও বহদ্দারহাট বাস টার্মিনালের ব্যবহার একেবারে কমে গেছে। বিশেষ করে কাপ্তাই ও বোয়ালখালীর কানুনগোপাড়া সড়কে এখন কোনো বাস চলে না। কদমতলী বাস টার্মিনালটি ১৯৬৬ সালে এবং বহদ্দারহাট টার্মিনালটি ১৯৯৩ সালে তৈরি হয়।
অন্যদিকে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটের গাড়ির বেশিরভাগই ছাড়ে বাকলিয়া এলাকার নতুন ব্রিজ গোলচত্বর এলাকা থেকে। তবে চট্টগ্রাম মহানগরীর তিন প্রবেশদ্বারে বৈধ কোনো বাস টার্মিনাল নেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নগরীতে প্রবেশদ্বার অলংকার, চট্টগ্রাম কক্সবাজার থেকে শাহ আমানত সেতু হয়ে প্রবেশে বাকলিয়ায় এবং চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক দিয়ে প্রবেশমুখ অক্সিজেন এলাকার মোড়গুলো টার্মিনালে রূপান্তর করে ব্যবহার হয়ে আসছে। এতে নগরীর প্রবেশমুখগুলোতে যানজট লেগেই থাকে।
নগরীর প্রবেশমুখের যানজট সমস্যা নিরসনে কুলগাঁও এলাকায় বাস টার্মিনাল নির্মাণ প্রকল্প নেওয়া হয় ২০১৮ সালের শুরুতে। সিটি বাস টার্মিনাল প্রকল্পটি ওই বছরের জুলাইয়ে একনেকে অনুমোদিত হয়। এরপরে জমি অধিগ্রহণসহ নানান জটিলতায় নির্ধারিত সময়ে কাজ চালু করা যায়নি। তিন দফা সময় বাড়িয়ে সাত বছরে টার্মিনাল নির্মাণের কাজটি শেষ করা সম্ভব হয়নি। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই টার্মিনালটি চালুর বিষয়ে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দৈনিক চট্টগ্রামপোস্ট