মিজানুর রহমান, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে ১৪ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খুরশিদ আলমের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় কাঁচাবাজার সংলগ্ন কবরস্থানের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে ১৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (২৪)। তিনি নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী পুনর্বাসন পাড়ার বাসিন্দা এবং মো. বাবুল হোসনের পুত্র। জানা গেছে, তিনি বাইশারী এলাকার একজন স্থানীয় ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

দৈনিক চট্টগ্রামপোস্ট