মোঃ একরামুল হক
চট্টগ্রাম | হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, সড়কে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে যানজট সৃষ্টির দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে চৌধুরী হাট ও হাটহাজারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী, চট্টগ্রাম।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮, দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৯টি মামলায় ৯ জনকে অভিযুক্ত করে সর্বমোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়, রাস্তার ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে যানজট সৃষ্টি এবং গণ উপদ্রপ সৃষ্টির অভিযোগে এসব জরিমানা করা হয়।
অভিযুক্তরা হলেন—
মো. হাসান (১৮), মো. মোরশেদ (৩৭), জমির উদ্দিন (২৪), অশোক নাথ (৩৫), মো. আবুল হাশেম (৭০), মো. সাইমন (২৬), সাইফুল আবেদীন (৪৯), মো. তসলিম (৩৫) ও মো. নুরুন নবী (৩৫)।
প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে বাজার শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।###

দৈনিক চট্টগ্রামপোস্ট