প্রবীর সুমন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাদ মাগরিব বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বোয়ালখালী পুরাতন বাজার ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ আল মেহেরী। দোয়া শেষে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে আলোচনা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব এ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মকে পথ দেখাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী ও মুসল্লিরা।

দৈনিক চট্টগ্রামপোস্ট