মোঃ একরামুল হক
হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি
হালদা নদীর প্রাকৃতিক রুই জাতীয় মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নেওয়া হয়েছে। হালদা নদীর রুই জাতীয় মাছের পোনা শতভাগ নির্ভেজাল কি না তা শনাক্তের জন্য ডিএনএ টেস্ট কিট এবং নদীর পাড়ে স্থাপিত একটি ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)-এর আয়োজনে হালদা রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্যসচিব জনাব এম. সিরাজ উদ্দিন।
উদ্বোধন শেষে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় হালদা নদী সংরক্ষণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের নিয়ে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএফ-এর নির্বাহী পরিচালক জনাব জহিরুল আলম, আইডিএফ-এর প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহীদুল আমিন চৌধুরী, হালদা রিভার রিসার্চ ল্যাবের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা, হালদা প্রকল্প কর্মকর্তা, হাটহাজারী ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, নৌ পুলিশ, পিকেএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এই ডিএনএ টেস্ট কিটে আধুনিক LAMP প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই হালদা নদীর আসল রুই জাতীয় মাছের পোনা শনাক্ত করা যাবে। এর ফলে ভেজাল ও বাইরের উৎসের পোনা আলাদা করা সম্ভব হবে, যা হালদা নদীর মাছ সংরক্ষণে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গবেষণাটি যৌথভাবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সম্পন্ন করেছে। গবেষণার অর্থায়ন করেছে আইডিএফ ও পিকেএসএফ।
এ গবেষণার ফলাফল এখন থেকে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিরাও সরাসরি ব্যবহার করতে পারবেন। এতে করে মানসম্মত পোনা সরবরাহ নিশ্চিত হবে এবং হালদা নদীর প্রাকৃতিক মাছ সংরক্ষণ আরও জোরদার হবে বলে আশা সংশ্লিষ্টদের।###

দৈনিক চট্টগ্রামপোস্ট