আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্লুইসগেট নির্মাণ কাজে চাঁদা দাবির ঘটনায় চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইসহ ১০টির বেশি চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি মো. সোহেল প্রকাশ ‘ট্যাটু সোহেল’ (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল স্থানীয় রবিউল হোসেনের ছেলে। কান্দরিয়া খালের ওপর নির্মাণাধীন স্লুইসগেটের কাজ শুরু হওয়ার পর থেকেই সোহেল ও তার সহযোগীরা ঠিকাদারের কাছে ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছিল।
থানা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি সোহেল ও তার দলবল নির্মাণস্থলে গিয়ে নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং সেখানে কর্মরত শ্রমিকদের মারধর করে। এ ঘটনায় দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে সোহেল (২৮), মো. হাছান (২৪)সহ অজ্ঞাত আরও দুইজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে থানার একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট