প্রত্তয় দত্ত | চট্টগ্রাম
চট্টগ্রাম প্রতিদিনের পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক লায়ন অসিত সেন আর নেই। তিনি বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি দেশপ্রেম, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। গণমাধ্যম জগতের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অঙ্গনেও তিনি ছিলেন একজন পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
লায়ন অসিত সেন চট্টগ্রাম প্রতিদিনের পরিচালক ছাড়াও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রধান পৃষ্ঠপোষক, গোলপাহাড় পরিচালনা পরিষদের উপদেষ্টা, দুর্নীতি দমন কমিশনের বাঁশখালী উপজেলা শাখার সহ-সভাপতি, বাঁশখালীর শতবর্ষী নিম কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সৎসঙ্গ চট্টগ্রামের সহ-সভাপতি, অভয় মিত্র পরিচালনা পরিষদের উপদেষ্টা এবং দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ অন্তত অর্ধশতাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তার মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহল, মুক্তিযোদ্ধা সমাজ, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের মরদেহ আজ (বুধবার) রাত আনুমানিক ৯টায় শেষকৃত্যের জন্য তার নিজ বাড়ি বাঁশখালীতে নেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা থেকে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট