আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
হাড়কাঁপানো শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে অসহায় ও হতদরিদ্র মানুষের দুর্ভোগ যখন চরমে পৌঁছেছে, ঠিক সেই সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন।
গত ১৬ জানুয়ারি (শুক্রবার) স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের ইভেন্ট–২৬–এর অংশ হিসেবে আনোয়ারা উপজেলায় এতিম, হেফজখানার শিক্ষার্থী, পথচারী, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুই ধাপে বাস্তবায়িত এই কার্যক্রমের প্রথম ধাপে “কুরআনের পাখিদের মাঝে উষ্ণতার ছোঁয়া” কর্মসূচির আওতায় আনোয়ারার তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানায় অধ্যয়নরত এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পরবর্তীতে দ্বিতীয় ধাপে আনোয়ারা উপজেলার শাহ মোহসেন আউলিয়া (রহ.) মাজার সংলগ্ন বটতলী, চাতরী চৌমুহনী, মহাল খান বাজার (সেন্টার), ১৫ নম্বর ঘাট ও সিইউএফএল এলাকায় পথচারী, অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এবং কয়েকটি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য, কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী সদস্যদের আর্থিক সহায়তা এবং সংগঠনের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন—
“মানবতার কোনো ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক সীমারেখা নেই। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে, ইনশাআল্লাহ।”

দৈনিক চট্টগ্রামপোস্ট