ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ছবির ক্যাপশন: মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :::
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

মৎস্য সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, মতবিনিময় সভা ও সাঁতার প্রতিযোগিতা।

মঙ্গলবার শেষ দিনে উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন প্রতিযোগী অংশ নেন।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুজল দাশ, দ্বিতীয় হন নিসান দাশ এবং তৃতীয় হন জয় দাস।

বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ। 

সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সুজল দাশ বলেন, ‘জীবনে প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লেগেছে। জেলেদের নিয়ে এমন আয়োজন আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন হলে আমরা আরও আগ্রহ নিয়ে অংশ নেব।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। জেলে ও মৎস্য চাষিদের উৎসাহিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির মাধ্যমে মৎস্য খাতের সম্ভাবনা ও গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মৎস্যজীবীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গত রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। তিন দিনব্যাপী কর্মসূচিতে শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, মতবিনিময় ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা