ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে এলএসটিডি প্রকল্পের উদ্যোগ রাইস ট্রান্সপ্লান্টারে ধান চাষে নতুন দিগন্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
চট্টগ্রামে এলএসটিডি প্রকল্পের উদ্যোগ রাইস ট্রান্সপ্লান্টারে ধান চাষে নতুন দিগন্ত ছবির ক্যাপশন: রাইস ট্রান্সপ্লান্টারে ধান চাষে নতুন দিগন্ত
ad728
মোঃ একরামুল হক
চট্টগ্রাম, হাটহাজারী সংবাদদাতা

চট্টগ্রামের হাটহাজারীতে আধুনিক কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা। তিনি বলেন, “রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম বয়সী চারা রোপণ করায় সময়, শ্রম ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হয়। একই সঙ্গে ধানের উৎপাদন বৃদ্ধি পায়। কৃষিকে লাভজনক করতে আধুনিক যান্ত্রিকীকরণের বিকল্প নেই।” তিনি আরও বলেন, ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ওমর ফারুক এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন বলেন, “এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া গ্রামকে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তোলা হচ্ছে। কৃষি যন্ত্রপাতির ব্যবহার, প্রদর্শনী ও গবেষণার মাধ্যমে কৃষকদের আধুনিক ধান চাষে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।”
এই কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষক শাহ আলম বলেন, “আগে হাতে ধান রোপণ করতে অনেক সময় ও শ্রমিক লাগত। এখন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে অল্প সময়ে জমিতে চারা লাগানো সম্ভব হচ্ছে। এতে শ্রমিক খরচ কমেছে এবং ফলন ভালো হবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয় কৃষি উদ্যোক্তা বোরহান উদ্দিন বলেন, “এ ধরনের আধুনিক যন্ত্র কৃষকদের হাতে পৌঁছালে ধান চাষে বড় পরিবর্তন আসবে। এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষকরা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে, যা ভবিষ্যতে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করবে।”
উল্লেখ্য, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণের পাশাপাশি আধুনিক ধানের জাত জনপ্রিয়করণ, ধানের উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট এলাকার উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনে নিরলস কাজ করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স