নিজস্ব প্রতিবেদক |চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর চারটি নামিদামি খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও চরম অনিয়মের দায়ে ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২২ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট সংরক্ষণ, নিম্নমানের ঘি এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শনে অসহযোগিতার দায়ে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে প্রক্রিয়াজাতকরণ স্থানে তেলাপোকার উপস্থিতি, পোকাযুক্ত ম্যাংগো পাল্প ও পোড়া তেল ব্যবহার এবং নোংরা পরিবেশে চিপস-নিমকি তৈরির অপরাধে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকলেট বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ এবং সঠিক লেবেলিং ছাড়া পণ্য বিপণনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা-বাসি খাবার রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকায় রিও ক্যাফে-মাজায়দারকে দেওয়া হয় ১ লাখ টাকা জরিমানা।
এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে কোনো আপস করা হবে না। খাদ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট