ঢাকা | বঙ্গাব্দ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই পরিবারের কাছে চাইলেন ৫ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
অপহরণের নাটক সাজিয়ে নিজেই পরিবারের কাছে চাইলেন ৫ লাখ টাকা ছবির ক্যাপশন: অপহরণের নাটক সাজিয়ে নিজেই পরিবারের কাছে চাইলেন ৫ লাখ টাকা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দুই থেকে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। সেই ঋণের টাকা পরিশোধ করতে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি। এ জন্য নিজেই অপহরণের নাটক সাজিয়ে নিখোঁজ হন। পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তবে, শেষ পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আরিফুর রহমানকে উদ্ধার করেছে র‌্যাব-৭। 

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেসার্স রাকিব ট্রান্সপোর্ট এজেন্সির সামনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানায়, আরিফুর রহমানের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা গ্রামে। তার বাবার নাম সামছুল আজম। তিনি বর্তমানে ঢাকার ভাটারা থানা এলাকায় বসবাস করেন এবং ফুটপাতে জামাকাপড়ের ব্যবসা করেন।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে আরিফুর রহমান তার এক বন্ধুর সঙ্গে ব্যবসা করছিলেন। ওই সময় তিনি ভাটারা থানার কুড়িল বিশ্বরোডের সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বন্ধুকে রেখে বিকাশে টাকা ক্যাশ আউট করার কথা বলে কাছের একটি বিকাশের দোকানের উদ্দেশে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় তার বন্ধু মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে আরিফ ফোন ধরেননি। পরে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে আরিফের বন্ধু তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরদিন ১০ সেপ্টেম্বর আরিফের ব্যবহৃত মুঠোফোন নম্বর থেকে তার ভাইয়ের নম্বরে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানান, আরিফকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। কয়েক ঘণ্টার মধ্যে টাকা না দিলে আরিফকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আরিফের ভাই বাদী হয়ে ঢাকার ভাটারা থানায় মামলা করেন। ওই মামলায় গোপনে বা অন্যায়ভাবে আটকের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়।

র‌্যাব-৭ জানায়, মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, অপহৃত আরিফ চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ভাটিয়ারী এলাকায় ঢাকামুখী মহাসড়কের পাশের মেসার্স রাকিব ট্রান্সপোর্ট এজেন্সির সামনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আরিফকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত থাকার কথা জানান। এ কারণে তিনি আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই ঋণের টাকা পরিশোধের জন্যই তিনি নিজে নিজে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে র‌্যাবের কাছে জানান।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া আরিফুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব