মো. জাবেদুল ইসলাম, কর্ণফুলী:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ক্রসিং মোড়ে শিকলবাহা ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় এ বিলবোর্ড স্থাপন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বিলবোর্ডে গ্রাম আদালতের কার্যক্রম, আবেদন প্রক্রিয়া, নির্ধারিত ফি, যোগাযোগের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
উদ্যোক্তারা জানান, এ উদ্যোগের ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে আরও বিলবোর্ড স্থাপন করা হবে, যাতে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী বাবুল আরফাত, শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা উকিল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সমন্বয়কারী বাবুল আরফাত বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর, সহজ ও স্বল্পব্যয়ের বিচারব্যবস্থা, যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। অনেকেই এ বিষয়ে অবগত না থাকায় অপ্রয়োজনীয়ভাবে দূরের আদালতে গিয়ে সময় ও অর্থ ব্যয় করেন।
তিনি আরও বলেন, বিলবোর্ডের মাধ্যমে মানুষ জানতে পারবে—কোন ধরনের মামলা গ্রাম আদালতে করা যায়, কীভাবে আবেদন করতে হয়, নির্ধারিত ফি কত এবং নিষ্পত্তির সময়সীমা কতদিন। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকায় সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং দ্রুত সমাধান পাওয়া সম্ভব হবে। এতে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে এবং ছোটখাটো বিরোধ বড় আকার ধারণ করার আশঙ্কা কমবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট