কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) কার্যালয়ে এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল) ও স্পেশাল করেসপন্ডেন্ট আলী আজগর ইমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সিআরএ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিআরএর আহ্বায়ক মো. রুবেলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ।
সভায় এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আলী আজগর ইমনের সঙ্গে সাংবাদিকতার পরিবর্তিত ধারা, ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশ, সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা এবং দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মো. রুবেল বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সঠিক যাচাই ও পেশাগত নৈতিকতা মেনে সাংবাদিকদের কাজ করতে হবে। ঐক্য ও পারস্পরিক সহযোগিতা থাকলে পেশাগত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়।
সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ বলেন, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত সম্পর্ক উন্নয়নে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা আবশ্যক। এ ক্ষেত্রে অভিজ্ঞ সাংবাদিকদের পরামর্শ নতুনদের পথচলায় সহায়ক হবে।
অনুষ্ঠানে সিআরএর সাবেক সভাপতি সোহাগ আরেফিন, রাজধানী টেলিভিশনের ব্যুরো প্রতিনিধি সোহেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. শাকিল, সংস্কৃতি সম্পাদক আমিনুল হক শাহীন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ান হৃদয় ও সদস্য মোরশেদসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট