মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধি:
রাঙামাটির লংগদু থেকে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে চলাচলকারী যাত্রীবাহী মাহিন্দ্র গাড়িগুলো তীব্র জ্বালানি সংকটে পড়েছে। ডিজেল পর্যাপ্ত না পাওয়ায় একদিকে যেমন চালকরা বিপাকে পড়েছেন, অন্যদিকে গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
সরেজমিনে দেখা গেছে, লংগদু উপজেলা সদর থেকে দীঘিনালা অভিমুখে যাওয়া মাহিন্দ্র গাড়িগুলো তেলের অভাবে নিয়মিত ট্রিপ দিতে পারছে না। যাত্রীরা অভিযোগ করেছেন, স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও গাড়ি পাওয়া যাচ্ছে না। ফলে চাকুরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
দীঘিনালা থেকে আসা চালকরা জানান, খাগড়াছড়ি প্রান্ত থেকে সীমিত পরিমাণ তেল নিয়ে এলেও লংগদু প্রান্তে এসে তারা কোনো ডিজেল পাচ্ছেন না। ফলে অর্ধেকের বেশি গাড়ি এখন রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে লংগদু মাহিন্দ্র চালক সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন বলেন, "লংগদু-দীঘিনালা রুটে একবার যাওয়া-আসার জন্য একটি গাড়িতে অন্তত ৮ থেকে ১০ লিটার তেলের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে আমরা প্রতিদিন বরাদ্দ পাচ্ছি মাত্র ৫ লিটার। আগে যেখানে প্রতিদিন ৩০ থেকে ৪০টি গাড়ি এই রুটে চলত, এখন তেলের অভাবে মাত্র ১০টি গাড়ি চলছে। পর্যাপ্ত তেল না পাওয়ায় অনেক চালক গাড়ি বের করতে পারছেন না।
দ্রুত এই জ্বালানি সংকট নিরসন করা না হলে এই রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তারা এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট