ঢাকা | বঙ্গাব্দ

চেয়েছিলেন মায়ের সেবায় সুস্থ হতে, ফিরলেন নিথর দেহে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
চেয়েছিলেন মায়ের সেবায় সুস্থ হতে, ফিরলেন নিথর দেহে ছবির ক্যাপশন: চেয়েছিলেন মায়ের সেবায় সুস্থ হতে, ফিরলেন নিথর দেহে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বাড়ি গেলে মায়ের সেবা-যত্ন পেলে সুস্থ হয়ে যাব’ জ্বরে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত আনসার ক্যাম্পের কমান্ডার আশরাফুল ইসলামকে এমন কথাই বলেছিলেন আনসার সদস্য মো. শুভ আলী (২৬)। অসুস্থতা নিয়ে ক্যাম্পে থাকা অবস্থায় বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

 

গত ১ নভেম্বর বাড়ির উদ্দেশে রওনাও হন। কিন্তু মায়ের কাছে আর ফেরা হয়নি তার। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান শুভ।

 

শুভর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩১ অক্টোবর জর আসে শুভর। এরপর নগরীর বন্দরটিলা এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তবে ওই সময় পরীক্ষায় কোনো রোগ ধরা পড়েনি তার। চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যাম্পে ফিরে আসার পরও শুভর জ্বর ওঠানামা করছিল। এ অবস্থায় বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে ১ নভেম্বর বিকেলে ট্রেনে করে বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন ক্যাম্পের আরেক আনসার সদস্য।

 

তবে ঢাকায় পৌঁছানোর পর শুভ ফোন করে আশরাফুল ইসলামকে জানান, ফুফুর বাসায় দুদিন থেকে পরে বাড়ি যাবেন। ফুফুর বাসায় অবস্থানকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাঁকে গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর খবর পেয়ে তাঁর মা ঢাকায় আসেন। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হয় বলে জানতে পারেন সহকর্মীরা। শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুর থেকে তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

 

আনসার কমান্ডার আশরাফুল ইসলাম বলেন, ‘শনিবার সকালে শুভর এক চাচাতো ভাই আমাকে ফোন করে জানায়, তার শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে হয়তো আইসিইউতে নিতে হবে। পরে জানতে পারি, তার ডেঙ্গু ধরা পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। অবস্থার অবনতি হওয়ায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রাতে তার চাচাতো ভাই ফোন করে জানায়, শুভ আর নেই।’

 

শুভর মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মীরা। আশরাফুল ইসলাম বলেন, মাত্র ২৬ বছর বয়স ছিল শুভর। তাঁর বাবা আগেই মারা গেছেন। পরিবারের বড় ছেলে হিসেবে মা ও ছোট ভাইয়ের দায়িত্ব পালন করছিলেন তিনি। সামনে বিয়ে করার পরিকল্পনাও ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে এভাবে চলে যাবেন, তা ভাবতে পারেননি কেউ।

 

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামের বাসিন্দা শুভ আলী ২০২৩ সালের ১১ আগস্ট আনসার বাহিনীতে প্রথম যোগদান করেন। চলতি বছরের ১৯ এপ্রিল থেকে চউক ভবনের আনসার ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন তিনি। তিন সদস্যের পরিবারে মা ও ছোট ভাইকে নিয়ে ছিল তাঁর সংসার। বাবার মৃত্যুর পর পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্বও নিয়েছিলেন শুভ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার