আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্টেশনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে টানেল মোড়ের ভোজনবাড়ি এলাকা থেকে টানেল ট্রাফিক বক্স পর্যন্ত সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাতরী চৌমুহনী বাজারের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আশিকুর রহমান।
ট্রাফিক ইন্সপেক্টর আশিকুর রহমান বলেন, সড়ক দখল করে অবৈধভাবে সিএনজি স্টেশন গড়ে তোলার কোনো সুযোগ নেই। টানেল মোড়ে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদ করা হয়েছে এবং চালকদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ আবার সড়ক দখল করে এ ধরনের স্টেশন গড়ে তুললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সড়কের ওপর স্থানীয় কিছু ব্যক্তি ভ্রাম্যমাণ দোকান বসাচ্ছেন। তাঁদের একাধিকবার সতর্ক করার পরও কেউ কেউ আবার সড়ক দখল করছেন। সুন্দর, যানজটমুক্ত ও নিরাপদ সড়ক পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
ট্রাফিক পুলিশের জনবলসংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দায়িত্বে পাঁচজন সদস্য রয়েছেন। এর মধ্যে রাতের ডিউটি ও জরুরি ছুটির কারণে জনবল আরও কমে যায়। তারপরও গুরুত্বপূর্ণ চাতরী চৌমুহনী বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে কাজ করতে হচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট