ঢাকা | বঙ্গাব্দ

খেলনা পিস্তল দেখিয়ে লুট, গণপিটুনিতে যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
খেলনা পিস্তল দেখিয়ে লুট, গণপিটুনিতে যুবক নিহত ছবির ক্যাপশন: খেলনা পিস্তল দেখিয়ে লুট, গণপিটুনিতে যুবক নিহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় খেলনা পিস্তল দেখিয়ে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি লুট করা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন দুই ব্যক্তি। পরে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।

এসময় হেনা ত্রিপুরার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মো. রফিক (২৩) নামের একজনকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সহযোগী মো. আকাশ (২৪) একটি স্বর্ণের আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
পরে আটক রফিককে স্থানীয় লোকজন মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

পুলিশ জানায়, নিহত রফিকের বাড়ি বাঙ্গালহালিয়া ইউনিয়নের আবাসিক মুসলিম পাড়ায়। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। অন্যদিকে পলাতক আকাশের বাড়ি একই ইউনিয়নের সুফিপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী করিম। আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় আগে দায়ের করা একটি চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এদিকে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার এবং পলাতক আকাশকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে মারধর করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ