মঞ্জুরুল ইসলাম লিটন, রাঙামাটি (লংগদু) প্রতিনিধি:
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ বাইট্টা পাড়া বাজারে শিশু-কিশোর ও যুবসমাজের জন্য খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বাইট্টা পাড়া বাজার এলাকায় স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাইট্টা পাড়া বাজারে শিশুদের খেলাধুলার জন্য যে একমাত্র মাঠটি ছিল, সেটি মডেল মসজিদ নির্মাণের জন্য নিয়ে নেওয়া হয়েছে। অথচ এর পরিবর্তে এলাকার শিশু-কিশোরদের জন্য বিকল্প কোনো খেলার মাঠ তৈরি করে দেয়নি উপজেলা প্রশাসন।
বক্তারা আরও উল্লেখ করেন, বাইট্টা পাড়া একটি অত্যন্ত জনবহুল এলাকা, যেখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। গুরুত্বপূর্ণ এই বাজারে কোনো খোলা জায়গা বা মাঠ না থাকায় যেকোনো সময় অগ্নিকাণ্ড বা জরুরি দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা জরুরি যানবাহন পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এতে পুরো বাজার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে।
মানববন্ধন থেকে এলাকাবাসী ও যুবসমাজ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বাইট্টা পাড়া এলাকায় একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করার জোর দাবি জানান।
দৈনিক চট্টগ্রামপোস্ট