নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা ও বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টার দিকে হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে দেয়া তথ্য মতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজুর (৩২) সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট