কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। অন্য জেলা থেকে শ্রমিক নিয়োগের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে স্থানীয় যোগ্য বেকার নারী-পুরুষের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেইপিজেড কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে আনোয়ারা উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কেইপিজেডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। সকাল ৯টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। বৈঠকে স্থানীয়দের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলীতে একের পর এক শিল্পকারখানা গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার নারী-পুরুষ প্রত্যাশিত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। স্থানীয়দের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি সামনে এলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তাঁদের দাবি, স্থানীয় মানুষের জমি, শ্রম ও সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানে এলাকার যোগ্য বেকারদের অগ্রাধিকার দিতে হবে। অভিজ্ঞতার অভাবে স্থানীয় প্রার্থীদের বাদ না দিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষ জানিয়েছে, চাকরিতে আগ্রহী নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একইভাবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অভিজ্ঞতার অভাবে চাকরি না পাওয়া যুবকদের উপজেলা প্রশাসন ও কেইপিজেড কর্তৃপক্ষের সমন্বয়ে উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে। পরবর্তী সময়ে কেইপিজেডে শূন্য পদ সৃষ্টি হলে তাঁদের জীবনবৃত্তান্তে উপজেলা প্রশাসনের সুপারিশসহ চাকরির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, টেকনিশিয়ান পদে কাজের দক্ষতা রয়েছে এমন প্রার্থীরা জমির, পারভেজ অথবা তাঁর মাধ্যমে জীবনবৃত্তান্ত জমা দিলে দ্রুত চাকরিতে যোগদানের সুযোগ তৈরির চেষ্টা করা হবে। কেইপিজেড দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। বিনিয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানের সম্প্রসারণে সবার সহযোগিতা প্রয়োজন। নেতিবাচক কর্মকাণ্ডে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হলে ভবিষ্যতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল ও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও বলেন, আনোয়ারা উপজেলার আগ্রহী বেকার যুবক-যুবতীদের জন্যও একই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হবে, যাতে তাঁরাও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পান।
কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। কারখানা চালুর প্রস্তুতি হিসেবে দুই মাস আগে থেকেই নারী শ্রমিকদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি কর্মী সংগ্রহের কাজও চলছে।
তিনি আরও বলেন, কেইপিজেডে কর্মরত প্রায় ৪০ হাজার শ্রমিকের মধ্যে ৯০ শতাংশই স্থানীয়। আলোচনার মাধ্যমে স্থানীয়দের বিষয়টি বোঝানো হয়েছে। বর্তমানে পরিস্থিতির সমাধান হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট