ঢাকা | বঙ্গাব্দ

সাতকানিয়ায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি, ২ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
সাতকানিয়ায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি, ২ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: ২ লাখ টাকা জরিমানা
ad728
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় ক্ষতিকর রং ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি করার অপরাধে দুই আইসক্রিম কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় ওই কারখানা দুটির ক্ষতিকর রং, বিষাক্ত কেমিক্যাল ও বেশ কিছু আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন সাতকানিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা সরোয়ার কামালসহ একদল আনসার সদস্য।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিএসটিআই-এর অনুমোদন ছাড়া আইসক্রিম তৈরির তথ্য পেয়ে নিউ আলিফ আইসক্রিম ও নাহিয়ান আইসবার নামের দুটি আইসক্রিম তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় ওই কারখানা দুটিতে ক্ষতিকর রং ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। তাছাড়া কারখানা দুটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন,
আইসক্রিমের নামে শিশুদের আমরা আসলে কী খাওয়াচ্ছি? তা আজকের অভিযানে স্পষ্ট হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী শুধুমাত্র লাভের আশায় শিশুদের স্বাস্থ্য নিয়ে ভয়ংকর খেলায় মেতে উঠেছেন। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে কারখানা দুটিতে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।

ইউএনও আরও বলেন, মানুষের জীবন ও শিশুদের স্বাস্থ্য নিয়ে যারা ব্যবসা করবেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দুটি আইসক্রিম কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু