খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদক সেবনের দায়ে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে জেলার দীঘিনালা থানাধীন বোয়ালখালী পুরাতন বাজার এলাকায় স্থানীয় জনগণ মোঃ রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মোঃ রিয়াজ উদ্দিন উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী পুরাতন বাজার এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন এর ছেলে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় এএসআই (নিঃ) শহিদুল ইসলামসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারায় অভিযুক্ত মোঃ রিয়াজ উদ্দিনকে ১০০ টাকা অর্থদণ্ড এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তানজিল পারভেজ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট