নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি এলাকার শাপলা আবাসিকের মুখে এ ঘটনা ঘটে। নিহত আকবর স্থানীয় একটি লোহার ডিপোতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহতের বোন জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে ৪ থেকে ৫ জনের একটি দুর্বৃত্ত দল এসে আকবরকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে আরও লোকজন থাকলেও আতঙ্কে কেউ এগিয়ে আসেনি। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে স্থানীয় দোকানদাররা চিনতে পেরেছেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “হালিশহর থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আকবরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

দৈনিক চট্টগ্রামপোস্ট