প্রবীর সুমন
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে থানা পুলিশের উদ্যোগে ডমিনেন্স পেট্রোলিং পরিচালনা করা হয়েছে। শনিবার(১৬ নভেম্বর ) দিনব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, সংবেদনশীল পয়েন্ট এবং গ্রামীণ জনপদে এ পেট্রোলিং কার্যক্রম পরিচালিত হয়।
ডমিনেন্স পেট্রোলিংয়ের অংশ হিসেবে পুলিশের বিশেষ টহল দল মোটরসাইকেল ও পিকআপযানে করে এলাকায় টহল জোরদার করে। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত মতামত ও অভিযোগ শোনা হয়। পাশাপাশি বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে পুলিশের উপস্থিতি দৃশ্যমান করা হয়, যাতে অপরাধী চক্র মাথাচাড়া দিতে না পারে।
এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন,
“খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল স্যারের নির্দেশনা অনুযায়ী দীঘিনালা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত ডমিনেন্স পেট্রোলিং পরিচালনা করছি। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে। যে কোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে। প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট