ঢাকা | বঙ্গাব্দ

সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল একনেক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় পরিবেশগত সমস্যা সমাধান এবং প্রকল্পের নকশায় টেকসই জ্বালানি সমাধান অন্তর্ভুক্ত করার শর্তে ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন করা হয়। সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান। খবর বাসসের।

প্রকল্প প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ব্যবস্থা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বাস্তবায়নকারী সংস্থাসমূহকে প্রকল্প বাস্তবায়নের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। তিনি আধুনিক পরিবেশগত মান ও প্রটোকল অনুসরণ করে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। একটি আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিশোধনের পর শোধিত পানি যেন পুনরায় ব্যবহারযোগ্য করা হয়। তিনি মূল প্রকল্প প্রস্তাবের ত্রুটিগুলো দূর করে প্রকল্প নকশায় কোনো পরিবেশগত ঘাটতি যাতে না থাকে তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া প্রকল্পে সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে পুরো শিল্পাঞ্চলে সৌর প্যানেল স্থাপনেরও নির্দেশনা দেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পানি শোধন ও পুনর্ব্যবহার সুবিধা এবং নবায়নযোগ্য জ্বালানির সংযুক্তি সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের শর্তে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পরিকল্পনায় বাস্তবায়নকারী সংস্থাগুলোকে এসব পরিবেশবান্ধব ও টেকসই পদক্ষেপগুলোর প্রতিফলন ঘটাতে হবে।

প্রকল্প যাচাইয়ে আইএমইডি : বিডিনিউজ জানায়, চলমান প্রকল্প এবং অতীত সরকারের নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাধ্যমে যাচাই–বাছাই হবে বলে পরিকল্পনা প্রতিমন্ত্রী তুলে ধরেন। তবে অতীতে আইএমইডি প্রতিবেদন দিলেও তা সংস্থাগুলো আমলে না নেওয়ার প্রবণতার বিষয়টি তার কাছে তুলে ধরে সাংবাদিকরা।

জবাবে প্রতিমন্ত্রী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নীতিমালা প্রণয়নের কথা বলেন এবং সেক্ষেত্রে প্রকল্প পরিচালক কারা হবে, তারা কি পূর্ণ দায়িত্বভার গ্রহণ করবে নাকি অতিরিক্ত দায়িত্ব পালন করবে সে বিষয়েও সুনির্দিষ্ট নীতিমালা আনার চেষ্টা করা হচ্ছে, বলেন জোনায়েদ সাকি।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে সবকিছু নিয়ে একটা ড্যাশবোর্ড হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে, পরিকল্পনা মন্ত্রণালয়ে থাকবে। অর্থ মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় থাকবে তাদের নিজ নিজ প্রকল্পগুলোর ক্ষেত্রে। যাতে করে সমস্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ এবং অন্যান্য কর্মকর্তারা, তারা প্রতিটির অগ্রগতি দেখতে পান। কোথায় কোন প্রকল্প যাচ্ছে। বাস্তবায়নে মনিটরিং একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সেই মনিটরিংয়ের জায়গাটা এখন কেবলমাত্র আইএমইডির কাছে থাকছে, ব্যাপারটা এ রকম না। মানে আইএমইডি এটাকে ফ্যাসিলিটেট করছে, কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে সবাই, ইনক্লুডিং প্রাইম মিনিস্টারস অফিস।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব