নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন।
গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।
তুরস্ক সফরকালে ৮ অক্টোবর দেশটির পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ।
এরপর ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ বিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়; তুরস্কের জনগণের সঙ্গে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে; ইনশাআল্লাহ।
তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন ডা. শফিকুর রহমান। এরপর রোববার সকালে দেশে ফেরেন তিনি।
দৈনিক চট্টগ্রামপোস্ট