প্রিন্ট এর তারিখঃ Jul 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2026 ইং
বাইশারীর বটতলী বাজার-ঘোনাপাড়া সড়ক সংস্কারের আশ্বাস

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর করলিয়ামুরা এলাকার বটতলী বাজার থেকে ঘোনাপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা গ্রামীণ সড়কটি দ্রুত সংস্কার ও উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাইশারী ইউনিয়ন যুবদল এবং ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সরেজমিনে সড়কটি পরিদর্শন করে এ আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, শতবর্ষী এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। সড়কটি সংস্কার হলে উত্তর করলিয়ামুরাসহ আশপাশের পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা গ্রহণ সহজ হবে।
পরিদর্শনকালে মো. জসিম উদ্দিন বলেন, "এ সড়কটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আশা করছি, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিন প্রু জেরির সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।"
তিনি আরও বলেন, "যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তাই জনগণের স্বার্থে সড়কটির দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ছব্বির আহমদ কোম্পানি, নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. রমজান আলম, ইউনিয়ন বিএনপির নেতা ছিদ্দিক আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনজুর আলম, স্থানীয় সমাজপতি মো. শাহ আলম কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, বহু বছর ধরে সড়কটির কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কারকাজ শুরু হলে পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে তারা আশা করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট