প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
বাঁশখালীতে ৪ হাজার পরিবারের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং

নিজস্ব প্রতিবেদক:
চারদিকে শুধু বন্যার পানি। কিন্তু নিরাপদ খাবার পানির তীব্র সংকটে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের বাঁশখালীর পানিবন্দি মানুষ। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং।
রোববার বন্যাদুর্গত বাঁশখালীর ৪ হাজার পরিবারের জন্য প্রায় ৪ হাজার ২০০ লিটার বোতলজাত মিনারেল বিশুদ্ধ পানি, মোমবাতি, গ্যাস লাইটার ও চিড়া প্রদান করে ক্লাবটি। বাঁশখালী সম্মিলিত পরিষদের পক্ষে এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক ডা. আসিফুল হক।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবু নাছের রনি, রিজওয়ান চেয়ারপার্সন লায়ন মো. আশিকুল আলম, ট্রেজারার লায়ন মানস বড়ুয়া, আবু ওবাইদা আরাফাত, মোহাম্মদ এনামুলসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, “বন্যার কারণে বাঁশখালীতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের এই মানবিক উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”
বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন বলেন, “বাঁশখালীতে লক্ষাধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ লায়ন্স ক্লাব অব চিটাগং ৪ হাজার পরিবারের জন্য বিশুদ্ধ পানি, মোমবাতি, গ্যাস লাইটার ও চিড়া নিয়ে এগিয়ে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এই মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই।”
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নেতৃবৃন্দ জানান, বন্যার সময় বিশুদ্ধ পানির সংকট থেকে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই খাদ্য সহায়তার পাশাপাশি নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাবের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট