প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার দুই সহযোগী গ্রেফতার

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ, এএসআই শাহ আলমসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বহদ্দারহাট কাঁচাবাজার এলাকা থেকে নাঈম ইসলাম সাকিব ও রাহাতকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার নাঈম ইসলাম সাকিব শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইনে একটি এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি মামলা রয়েছে।
এর মধ্যে ২০২৫ সালের ২ ডিসেম্বর চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইনের ৪(১)/৫ ধারায় একটি মামলা হয়। এছাড়া একই থানায় ২০২৫ সালের ৭ মার্চ ও ২০২৩ সালের ২৬ আগস্ট দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় পৃথক দুটি মামলা রয়েছে।
অন্যদিকে গ্রেফতার রাহাতের বিরুদ্ধেও চান্দগাঁও থানায় মামলা রয়েছে। ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে চলমান মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট