প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
পরীক্ষা জীবনের শেষ পরিমাপক নয়: ব্যর্থতায় ভেঙে না পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের ভেঙে না পড়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষা কোনো শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত পরিমাপক নয় উল্লেখ করে অকৃতকার্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় শিক্ষামন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের প্রতি পরামর্শ
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী লেখেন, ফলাফল প্রত্যাশামতো না হওয়া বেদনার ও হতাশার হলেও তা দিয়ে কারো মূল পরিচয় নির্ধারিত হয় না। পরীক্ষা নির্দিষ্ট কয়েক ঘণ্টার একটি হিসাব মাত্র; পরিশ্রম ও স্বপ্নের নির্দিষ্ট কোনো নম্বর হতে পারে না। সামাজিক চাপ ও স্থবিরতা সাময়িক উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হলে আজকের এই কষ্টের দিনগুলো কেবলই স্মৃতির অংশ হয়ে থাকবে। তরুণদের এই হতাশা কাটিয়ে উঠে দেশ গঠনের কাজে মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি।
অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব
অভিভাবকদের প্রতি বিশেষ বার্তা দিয়ে মন্ত্রী বলেন, ফল বিপর্যয়ের পর সন্তানরা পরিবারের মুখোমুখি হতে সবচেয়ে বেশি ভয় পায়। এ সময়ে সন্তানকে বকাঝকা বা ভর্ৎসনা না করে স্নেহের ছায়ায় আগলে রাখা উচিত। নিজ ঘরকে বিচারালয় না বানিয়ে পরম আশ্রয়ে পরিণত করার অনুরোধ জানান তিনি।
পাশাপাশি শিক্ষকদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী কেন পিছিয়ে পড়ল, তার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। ব্যর্থতার দায় কেবল কোনো এক শিশুর ওপর চাপিয়ে না দিয়ে শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার দায়ও স্বীকার করতে হবে।
বার্তার শেষে শিক্ষার্থীদের যেকোনো একাডেমিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় সর্বাত্মক পাশে থাকবে বলে নিশ্চিত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট