প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগসহ চিকিৎসা সেবা বন্ধ

নিউজ ডেস্ক | চট্টগ্রাম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর জেরে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে হাসপাতালের মেডিসিন ভবনের সাত তলায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমা বেগম। অভিযোগ রয়েছে, তার মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালান।
ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, হামলার ঘটনায় ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈম আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পরপরই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল চত্বরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে হাসপাতালের প্রধান গেটে তালা দিয়ে চিকিৎসা সেবা বন্ধ রাখেন।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালের পরিচালক ঘটনাস্থলে না আসা পর্যন্ত গেট খোলা ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে না।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুইজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বিষয়টি জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট