প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
যানজট নিরসনে সিডিএর অভিযান অব্যাহত ৬ প্রতিষ্ঠানে পরিদর্শন, পার্কিং ও নকশার অনিয়ম উদঘাটন

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর যানজট নিরসন ও ভবনের অনুমোদিত ব্যবহার নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন করে।
পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলো হলো একুশে হাসপাতাল, বাস্কেট সুপার মার্কেট, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সার্জিস্কোপ হাসপাতাল, মেডিকেয়ার হাসপাতাল ও পিস পার্ক হাসপাতাল।
একুশে হাসপাতালে আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনার বিষয়টি ধরা পড়ে। অনুমোদিত নকশা দেখাতে পারেনি কর্তৃপক্ষ। নির্ধারিত পার্কিংও নেই। বাস্কেট সুপার মার্কেটে অনুমোদিত পার্কিংয়ের জায়গায় আউটলেট স্থাপন করা হয়েছে। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আবাসিক ভবন ভাড়া নিয়ে চলছে এবং নকশা উপস্থাপন করতে পারেনি। পাঁচলাইশ এলাকার সার্জিস্কোপ, মেডিকেয়ার ও পিস পার্ক হাসপাতালে কোনো পার্কিং ব্যবস্থা পাওয়া যায়নি।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামীকালের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে সিডিএ কার্যালয়ে যোগাযোগ এবং পার্কিং ঘাটতি নিরসনে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, “নগরীকে যানজটমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। সেবার নামে অনিয়ম চলতে পারে না। নির্ধারিত সময়ে অগ্রগতি না হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট