প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2026 ইং
কর্ণফুলীতে রাতের আঁধারে সরকারি গাছ কেটে জায়গা ভরাটের অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাতের আঁধারে রাস্তার পাশের সরকারি গাছ কেটে ওই জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বিএনপি নেতা ও কর্মীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে রাস্তার পাশে থাকা সরকারি পাঁচটি বড় গাছ কেটে ফেলা হয়। পরে ওই জায়গায় বালু ফেলে ভরাট করা হয়। এ ঘটনায় চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম হানিফ, সাবেক সহসভাপতি আব্দুন নূরসহ কয়েকজনের নাম স্থানীয়ভাবে আলোচনায় আসে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি সম্পদ ব্যক্তিগত দখল বা ভোগের জন্য নয়। রাতের আঁধারে সরকারি গাছ কেটে একই জায়গা বালু দিয়ে ভরাট করার ঘটনায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাঁরা উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম হানিফ বলেন, ‘এটা আমার এক আত্মীয়ের জায়গা। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায়। তিনি ঢাকাইয়া মালিক আদনান ইমামের কাছ থেকে জায়গাটি কিনেছেন। আমরা শুধু জায়গাটি ভরাটের দায়িত্ব নিয়েছি। গাছ কে কেটেছে, সে বিষয়ে জায়গার মালিকই ভালো জানবেন।’
এটিএম হানিফ জায়গাটির মালিক হিসেবে সাতকানিয়ার বাসিন্দা তাঁর এক আত্মীয় মারুফের নাম উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের একটি মুঠোফোন নম্বর দেন। তবে ওই নম্বরে যোগাযোগ করা হলে মারুফ বলেন, তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায় নয়, মইজ্জারটেকে। একই সঙ্গে তিনি দাবি করেন, জায়গাটির প্রকৃত মালিকও তিনি নন।
এ বিষয়ে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন,সরকারি গাছ কাটার বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, কে বা কারা রাতের আঁধারে রাস্তার পাশে থাকা সরকারি পাঁচটি বড় গাছ কেটে নিয়ে গেছে এবং ওই জায়গা বালু দিয়ে ভরাট করেছে। পরে জানতে পেরেছি, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা এ কাজের সঙ্গে জড়িত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট