
নিউজ ডেস্ক |চট্টগ্রাম
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের পদে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবিসহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। পাশাপাশি চট্টগ্রাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও তিতুমীর কলেজে আজ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্বেগ:
শিক্ষার্থীদের অভিযোগ, ভাইভায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে, যা একধরনের ‘নব্য কোটা’। এতে মেধার মূল্যায়ন বাধাগ্রস্ত হবে এবং নিয়োগে স্বজনপ্রীতি, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ তৈরি হবে।
নতুন খসড়া বিধিমালার প্রস্তাব (মোট ও ভাইভা নম্বর):
১১-১২তম গ্রেড: মোট ১৫০ নম্বর (লিখিত ১০০, ভাইভা ৫০)।
১৩-১৬তম গ্রেড: মোট ১০০ নম্বর (লিখিত ৬০, ভাইভা ৪০)।
১৭-২০তম গ্রেড: মোট ৫০ নম্বর (লিখিত ২৫, ভাইভা ২৫)।
প্রশাসনের যুক্তি:
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ঠেকানো এবং যোগ্য প্রার্থী বাছাই নিশ্চিত করতেই মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।