প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
অনিয়মের দায়ে আইসক্রিম কারখানা বন্ধ, জরিমানা ও মালামাল ধ্বংস

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের একটি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ উৎপাদিত আইসক্রিম ও ক্ষতিকর মালামাল ধ্বংস করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আধুনগর বাজারের ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ।
আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটির মালিক মো. আব্দুল মান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানকালে লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব সারোয়ারসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজাল পণ্য রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট