প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
লংগদুতে কসাইদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে মাংস প্রক্রিয়াজাতকারীদের (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সৌরভ সেনসহ স্থানীয় মাংস ব্যবসায়ী ও কসাইবৃন্দ।
প্রশিক্ষণে বক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় গবাদিপশু জবাইয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াজাতকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে ছাড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে কসাইদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয় মাংস ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আশ্বাস দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট